তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল
Our Chandanaish ·
ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
লায়ন হেলাল উদ্দিন বলেন, “দলের ওপর কারও একক মালিকানা নেই। তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি।” সাংগঠনিক সিদ্ধান্ত ও দলীয় কার্যক্রমে জেলা নেতৃত্ব এবং তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা, মামলা-হামলা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হবে। তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হবে।
প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো ইউনিয়নে দলীয় সমর্থন কারা পাবেন, তা নির্ধারণে স্থানীয় নেতাকর্মীদের মতামত নেওয়া হবে। জেলা থেকে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।
দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাকর্মীদের মূল্যায়নের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলীয় সমর্থনের পাশাপাশি জনগণের ম্যান্ডেট অর্জনের ওপর গুরুত্ব দেন।
সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক ভূমিকা, সামাজিক অবস্থান, জনসম্পৃক্ততা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মনজু, জাগির আহমদ ও মনছুর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।