ভোররাতে ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি লাইনের খুঁটি ভেঙে চন্দনাইশে ৭৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন

Our Chandanaish ·

খুঁটি ভেঙে যাওয়ায় চন্দনাইশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মেরামতের উদ্যোগ।
খুঁটি ভেঙে যাওয়ায় চন্দনাইশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মেরামতের উদ্যোগ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে চন্দনাইশ উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চন্দনাইশ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে উপজেলার প্রায় ৭৮ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ট্রাক এক্সিডেন্ট
খুঁটি ভেঙে যাওয়ায় চন্দনাইশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মেরামতের উদ্যোগ।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিস সূত্রে জানা যায়, সকালে ৩৩ কেভি লাইন ফল্টের কারণে ট্রিপ করে। পরে লাইন চেকিং করে দেখা যায়, মহাসড়কের পাশে থাকা ৪০ ফুট আকারের এসপিসি পোলটি ট্রাক দুর্ঘটনায় গোড়া থেকে ভেঙে গাড়ির সাথে আটকে আছে। এ কারণে ৩৩ কেভি লাইন বন্ধ রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আযম।

তিনি জানান, ভাঙা খুঁটি অতি দ্রুত পরিবর্তনের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পটিয়া থেকে নতুন খুঁটি এনে প্রতিস্থাপনের কাজ চলছে। খুঁটি পরিবর্তনের কাজ সম্পন্ন হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিনি আরও জানান, উক্ত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হতে আনুমানিক বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে বিকালের আগেই কাজ সম্পাদন করা সম্ভব হলে আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সর্বশেষ

আরও পড়ুন

সর্বশেষ খবর