চন্দনাইশে এসআরবি'র অভিযানে হামলা, ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার

Our Chandanaish ·

আসামি ধরতে গিয়ে এসআরবির ওপর হামলা, ৫ জন গ্রেপ্তার
আসামি ধরতে গিয়ে এসআরবির ওপর হামলা, ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮), আজিজুর রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)।

এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীরের অবস্থানের তথ্য ছিল।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলমগীর গ্রেপ্তার এড়াতে চিৎকার করে ৪০ থেকে ৫০ জনকে জড়ো করেন বলে জানায় এসআরবি। পরে জড়ো হওয়া ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান।

উদ্ধার করা হয়েছে দেশিয় অস্ত্র
উদ্ধার করা হয়েছে দেশিয় অস্ত্র

একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানানো হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশ থানা

আরও পড়ুন

সর্বশেষ খবর