চন্দনাইশে বিশ্ব ডায়াবেটিস দিবসে আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
আমাদের চন্দনাইশ ·
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল স্টেশন রোডে অবস্থিত আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ সেবামূলক কার্যক্রমে প্রায় ৫০ জন রোগী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের কো-চেয়ারম্যান নাজমা আক্তার। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার (এডমিন) এম ডি রুবেল, সুপারভাইজার মিজানুর রহমান, অ্যাকাউন্টস কর্মকর্তা সোমা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট জোনায়েদ হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কো-চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, "বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ, প্রতিবছর বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় ম্যানেজার (এডমিন) এম ডি রুবেল বলেন, আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে চট্টগ্রাম শহর থেকে আগত ডায়াবেটিস বিশেষজ্ঞসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে প্রতিদিন খাওয়ার আগে ও পরে, এই দুইবার ডায়াবেটিস পরীক্ষা মাত্র ৯৯ টাকায় করার বিশেষ ব্যবস্থা রয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীরা আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন।