চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪, মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সকাল ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পশ্চিম চরবরমা গুচ্ছগ্রামের মো. জসিম ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগম। তাঁরা চন্দনাইশ থানার নন-এফআইআর মামলা নং ৩৯/২৬, ননজিআর ৩৭/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
অন্য দুজন হলেন মোহাম্মদপুর ৩ নম্বর ওয়ার্ডের গোলাম হোসেন অভি (২০) এবং মোহাম্মদপুরের জোয়ারা মুন্সী কেরামত আলী বাড়ির গোলাম ফারুক কাউছার (২০)। তাঁরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় (১৬৬ ও ১৬৭) গত ২০ নভেম্বর ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।