চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত দুটি মামলার তিন আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পূর্ব জোয়ারা এলাকার ফৌজুল আজিম প্রকাশ ফজু (৫০), দোহাজারী পৌরসভার হাছানদন্ডি এলাকার মো. হৃদয় (২৪) এবং পূর্ব জোয়ারা এলাকার আবু সুফিয়ান (৫২)। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের দেওয়া ১০০ টাকা অর্থদণ্ড ও ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দপাড়া এলাকার মোহাম্মদ আকিব (২২) বছর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।