চট্টগ্রামে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমাদের চন্দনাইশ ·
রংমিস্ত্রি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের দাবিতে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর রোডস্থ চট্টলা ওরশ বিরিয়ানি অ্যান্ড মেজবানি হাউজে এই সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক খাজা আহমদ এবং ফেনী জেলা কমিটির সভাপতি রমজান আলী সোহাগ। এছাড়াও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে আবদুর রাজ্জাক, শহিদ, সোহেল বাচ্চু, আবদুল্লাহ, সিংকু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে রংমিস্ত্রি শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা প্রায়ই ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা থেকে বঞ্চিত হন। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানান তারা।
পাশাপাশি, বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ রংমিস্ত্রি শ্রমিকদের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের একটি বিশেষ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।