চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলচেষ্টার অভিযোগ, হামলা ও প্রাণনাশের হুমকিঃ থানায় জিডি
আমাদের চন্দনাইশ ·
চন্দনাইশে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা ২১ শতক নাল জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৬১৪, তারিখ: ১২/১১/২০২৬ ইং।
জিডিকারী চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম বৈলতলী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক মো. আবদুল আউয়াল (৪০)।
জিডি সূত্রে জানা যায়, বিরোধীয় জমির পরিমাণ ২১ শতক। আরএস খতিয়ান নং- ১০৬, আরএস দাগ নং- ৩২৭৮, বিএস খতিয়ান নং- ৭৩৬, বিএস দাগ নং- ২৫২৮। এ জমি নিয়ে চন্দনাইশ আদালতে মামলা নং ২১/১৮ চলমান রয়েছে। গত ১৫/০৩/২০১৮ ইং তারিখে আদালত উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০/১১/২০২৬ ইং সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদী পক্ষ স্থানীয় একজন আমিন এনে বাদীর জায়গায় খুঁটি গাড়তে গেলে বাদীপক্ষ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানান। এসময় বিবাদীরা আদালত সম্পর্কে অশালীন মন্তব্য করেন এবং বাদীপক্ষের উপর চড়াও হন বলে অভিযোগ করা হয়।
জিডিতে আরও অভিযোগ করা হয়, রোগী দেখতে যাওয়ার সময় শাহজাহান নামের এক ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

জিডিতে বিবাদী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— হারুন (৬০), আবুল কাশেম প্রকাশ হাশেম (৪৫), শাহজাহান (৪৫) ও আবু তাহের (৪৭), সর্ব সাং- পশ্চিম বৈলতলী, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম।
ভুক্তভোগী আবদুল আউয়াল বলেন, বিবাদীরা চলাচলের রাস্তা পূর্ব দিকে নেওয়ার জন্য ২০০৪ ও ২০০৬ সালে দুই দফায় এবং ২০১৮ সালে কবরস্থান ভরাটের অজুহাতে ২০-২৫ গাড়ি মাটি এনে তার নাল জমি ভরাট করেন। তিনি মাটি কেটে ফেলে দিলে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়। পরে আইনজীবীর পরামর্শে তিনি ১৫১ ও ১৪৫ ধারায় মামলা করলে আদালত নিষেধাজ্ঞা দেন।
তিনি অভিযোগ করেন, মসজিদকে ঢাল বানিয়ে বারবার জমি বেদখলের চেষ্টা ও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমতাবস্থায় তিনি পরিবারের নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বিবাদী পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
চন্দনাইশ থানার এএসআই মোঃ আবদুর রশিদ জানায়, জিডি ও আদালতের বিষয়টি তদন্তাধীন রয়েছে।