চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান, সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯
Our Chandanaish ·
চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য এবং ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোরশেদুল আলমসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি চারজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (৫৬), আবদুর রহমান (২৪), মোরশেদ আলম (২৮) ও তাছিদুল ইসলাম ইমতিয়াজ (২০)। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. হেলাল (২৮) ও মো. আবছার (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাইনুল ইসলাম, উৎপল বড়ুয়া ও উদয়ন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: চন্দনাইশ থানা পুলিশ