চন্দনাইশে মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
আমাদের চন্দনাইশ ·
চট্টগ্রামের চন্দনাইশে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. সজীব ইসলাম (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ থানা ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সজীব ইসলাম দোহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডের উল্লাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট (মামলা নং-১৭৯/২৬) এই সাজা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।